জুলাইয়ে ঢাকায় আসছেন ইউএনএইচসিআর প্রধান

আসছে জুলাই মাসে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। মূলত রোহিঙ্গা পরিস্থিতি দেখাই তার সফরের প্রধান উদ্দেশ্য।
সফরকালে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন ইউএনএইচসিআর প্রধান।
বৃহস্পতিবার জাতিসংঘের অধীন বিভিন্ন সংস্থার আবাসিক প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ এক বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
বৈঠকে ইউএনএইচসিআর প্রধানের ঢাকা সফরসহ উদ্বাস্তু, শরণার্থী এবং রোহিঙ্গা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।
রোহিঙ্গা ইস্যু সমাধানে সবার সমর্থন কামনা করেন পররাষ্ট্র সচিব।
