শিল্প কর্পোরেশনের পণ্য বাণিজ্য মেলায়

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কারখানা ও জমিতে উৎপাদিত কেমিক্যালমুক্ত স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য সাশ্রয়ী মূল্যে বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে।
মেলায় চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে চিনি, মধু, চাল, ভিনেগার, ডাল, সরিষার তেল, হলুদ, মরিচ, জৈব সার ও গো-খাদ্য।
প্যাভিলিয়নে কথা হয় ডেপুটি ম্যানেজার (এডমিন) মো. আসিফ মামুন ও মো. জাহিদুল ইসলামের সঙ্গে। তারা জানান, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতায় ১৫টি চিনিকল রয়েছে। চিনিকলের নিজস্ব খামারগুলোতে এসব পণ্য তৈরি হয়।
পণ্যগুলোর মধ্যে চিনি ৬৫ টাকা, মধু ৪০০ গ্রাম ২৭৫ টাকা, পোলাও চাল ৯০ টাকা, ভিনেগার সাড়ে ৪০০ মিলি ৫০ টাকা, মুগ ডাল ১০০ ও মসুর ডাল ৯০ টাকা, সরিষার তেল ৫০০ মিলি ১০০ টাকা, হলুদ ও মরিচের গুড়া ৫০০ মিলি ১০০ টাকা, জৈব সার ‘সোনার দানা’ ২০ টাকা, গো-খাদ্য ‘মোলাসেস ব্লক’ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আসিফ মামুন বলেন, ‘চিনি আমাদের প্রধান পণ্য। চিনি ছাড়া অন্য পণ্যগুলো সঙ্গী পণ্য হিসেবে উৎপাদন করছি।’
জাহিদুল ইসলাম বলেন, ‘এসব পণ্যের বড় গুণ হচ্ছে এগুলো মানসম্পন্ন, স্বাস্থ্যকর। এছাড়া দামও কম।’
