নবম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবম পে-স্কেল এর গেজেট প্রকাশের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ৯ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে কর্মচারীরা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে দ্রুত নবম পে-স্কেল এর গেজেট প্রকাশের দাবি জানান। নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশের বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে নবম পে-স্কেল ঘোষণা এখন সময়ের দাবি।
স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমকে জানান, তারা দীর্ঘ দিন ধরে সুশৃঙ্খলভাবে এই দাবি জানিয়ে আসছেন। প্রজাতন্ত্রের কাজের চাকা সচল রাখতে নিম্ন আয়ের কর্মচারীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই যৌক্তিক দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং দ্রুত গেজেট প্রকাশের নির্দেশনা দেবেন।
স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবম পে-স্কেল বাস্তবায়নের ৫ দফা নিম্নরূপ:
১। দীর্ঘ সময় বেতন কাঠামো অপরিবর্তিত সাধারণত প্রতি ৫ বছর পর পর নতুন পে-স্কেল ঘোষণা করার প্রচলন থাকলেও প্রায় এক দশকের বেশি সময় ধরে নতুন পে-স্কেল ঘোষণা হয়নি। এতে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার ক্ষুন্ন হয়েছে।
২। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ২০১৫ সালের তুলনায় বর্তমানে খাদ্যদ্রব্য, পরিবহন, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অথচ সেই তুলনায় নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে।
৩। সরকারি চাকরির মর্যাদা ও আকর্ষণ কমে যাওয়া বর্তমান বেতন কাঠামো বাস্তব জীবনের ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় অনেক ক্ষেত্রে সরকারি চাকরির প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং কর্মচারীদের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়ছে।
৪। প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা হয়, তাহলে তাদের কর্মস্পৃহ্য ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে, যা রাষ্ট্রীয় সেবার মান উন্নত করতে সহায়ক হবে।
৫। সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নত হলে তা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।