অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি

0
image_353644_1795536451
image_pdfimage_print

ঢাকা,
বুধবার,
২৫ নভেম্বর ২০২৬ ইং

নিজস্ব প্রতিবেদক | দিনবদল নিউজ:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে হলটির প্রভোস্টের দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

একই সঙ্গে বিদায়ী ও নবনিযুক্ত প্রভোস্টকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সনদ যথাসময়ে রেজিস্ট্রারের দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে সম্প্রতি তার অপসারণের দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রসংগঠন।

গত ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং দায় স্বীকারের বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি তোলে। একই দিনে জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। তদন্ত চলাকালে সংশ্লিষ্ট শিক্ষকদের সাময়িক অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় সংগঠনটি।

এর ধারাবাহিকতায় ২২ নভেম্বর চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। ওই স্মারকলিপিতেও অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের দাবি অন্তর্ভুক্ত ছিল।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ অফিস আদেশে অধ্যাপক স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হলেও এ সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

নতুন প্রভোস্ট নিয়োগের মধ্য দিয়ে বেগম সুফিয়া কামাল হলের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এলো।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *